নিজস্ব প্রতিবেদক
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা সরকার ও শ্রমিকেরা একসঙ্গে প্রতিহত করবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালী মোড়ে খুলনা-মোংলা মহাসড়কের পাশে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বাগেরহাটে হযরত খানজাহান আলীর মাজার জিয়ারতে যাওয়ার পথে সেখানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বর্তমান নির্বাচিত সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। কিন্তু একটি পক্ষ দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। গত ১৫-১৬ বছর যারা ক্ষমতায় ছিল, তাদের একটি অংশ ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পরও দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, দেশের বাইরে থেকে কলকাঠি নেড়ে কারখানায় হামলা ও ভাঙচুরের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী বলেন, শিল্পকারখানা দেশের সম্পদ, একই সঙ্গে শ্রমিকদেরও সম্পদ। এসব কারখানার ক্ষতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকেরা ও তাঁদের পরিবার। তাই কারখানা রক্ষা করা সবার দায়িত্ব।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, মজুরি বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে।
বন্ধ হয়ে যাওয়া সরকারি ও বেসরকারি কলকারখানা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান বাড়াতে চায় সরকার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরের পঞ্চগড় পর্যন্ত বিভিন্ন এলাকায় হাজার হাজার শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিনিয়োগসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি বাগেরহাটে হযরত খানজাহান আলীর মাজার জিয়ারত করেন। এরপর খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

