নিজস্ব সংবাদদাতা
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা নির্ধারিত সময়সীমা নেই। নির্বাচন কমিশন নিজেদের পরিকল্পনা অনুযায়ী একটি সময়সূচি দিয়েছে। সরকারের কাছে বর্তমানে যে তথ্য রয়েছে, সে অনুযায়ী স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকেই সরকারের অবস্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি সাংবিধানিক দায়িত্ব রয়েছে। তবে অন্যান্য নির্বাচন আইনের অধীনে নির্বাচন কমিশনকে সরকারের সঙ্গে সমন্বয় করে আয়োজন করতে হয়। স্থানীয় সরকার নির্বাচনও সেই কাঠামোর মধ্যে পড়ে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি নিয়ে সরকার ও কমিশনের মধ্যে কোনো দূরত্ব বা সংঘাত তৈরি হয়েছে কি না, জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টিকে সংঘাত বা দূরত্ব হিসেবে দেখার কারণ নেই। সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পরিবর্তন, পিছিয়ে দেওয়া কিংবা এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে তারিখ দিয়েছে, সেটিই চূড়ান্ত নয়। সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজন অনুযায়ী ওই সময়সূচিতে পরিবর্তন আনা যেতে পারে।
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের পার্থক্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিজস্ব এখতিয়ারে কাজ করে। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং কমিশনকে সরকারের সঙ্গে সমন্বয় করতে হয়।
এবার স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরাসরি অংশ নিচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন করছে ব্যক্তিরা। কে কোন দলের সঙ্গে সম্পৃক্ত, সেটি নির্বাচনের প্রক্রিয়ায় প্রধান বিষয় নয়।

