নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার অন্তত ১০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে। এসব বেডে ভর্তি রোগীরা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা বা ইনভেস্টিগেশনের খরচের ৮০ শতাংশ বহন করবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের খাবার ও ওষুধের ব্যয় নিজ দায়িত্বে বহন করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসা, ভবনের ছাদ বা আশপাশে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এডিস মশার বিস্তার রোধে লার্ভা ধ্বংসের জন্য বিশেষ ওষুধ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্য রোগীর চাপ মোকাবিলায় সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এবং আক্রান্ত রোগীরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।

