নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গ্যাসের কম্প্রেসার লাইনে বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
ঘটনার চার দিন পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ হোসেন (৩৪) ও তাঁর স্ত্রী রোজিনা আক্তার (৩০)। ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁদের চিকিৎসা চলছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ এবং শরীফের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৩টা ৪৫ মিনিটে রোজিনা এবং ভোর ৪টায় শরীফের মৃত্যু হয়।
এ ঘটনায় শরীফের শ্যালক রিয়াজের শরীরের ৪০ শতাংশ এবং বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়ার ৭০ শতাংশ পুড়ে যায়। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
এর আগে গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া এলাকায় শাহ আলম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাসের কম্প্রেসার লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষে থাকা শরীফ, তাঁর স্ত্রী রোজিনা, শ্যালক রিয়াজ ও বাড়ির তত্ত্বাবধায়ক রনি মিয়া দগ্ধ হন।
পরে তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর মারা যান শরীফ ও রোজিনা।

