নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের ভাই-বোন ও বোনের স্বামীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিমা পারভীন (২৬) ও তাঁর ছোট ভাই হোসেন আলী (২৪)। এর আগে দুর্ঘটনার দিন রাতেই মারা যান লিমার স্বামী শাহীন আলম (৩০)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিহতদের মরদেহ নীলফামারীর সৈয়দপুরে নেওয়া হলে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তাঁদের দেখতে সৈয়দপুর সবুজ সংঘ মাঠ এলাকায় ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। বাদ জোহর জানাজা শেষে শহরের হাতিখানা কবরস্থানে তাঁদের দাফনের কথা রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত লিমা পারভীন ও হোসেন আলী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিজপাড়া এলাকার তৌসির উদ্দিনের সন্তান। সৈয়দপুরে অবস্থানরত তাঁদের বড় ভাই স্বপন আলী ও মামা মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৪টার দিকে লিমা পারভীন এবং সকাল ১০টার দিকে হোসেন আলী মারা যান। এর আগে দুর্ঘটনার দিন রাতেই মারা যান শাহীন আলম। তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তাঁরা ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।
পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় রাতে ঘরের ভেতর গ্যাস জমে যায়।
ভোরে রান্নার জন্য লিমা দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর। এতে ফ্ল্যাটে থাকা ব্যক্তিরা দগ্ধ হন এবং আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয়রা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

