নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে রতন ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন রঞ্জিত ও পাশা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার পর কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। পরে সেখান থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান নূর জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

