নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন শাহিন, তাঁর স্ত্রী লিমা পারভীন এবং তাঁদের এক আত্মীয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনে লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকায় গ্যাস বের হয়ে পুরো ঘরে জমে ছিল। সকালে রান্নার জন্য দিয়াশলাই জ্বালানো বা আগুনের সংস্পর্শে আসতেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাঁদের সবার শরীর ও মুখমণ্ডল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশী জানান, দুর্ঘটনার পর ওই ফ্ল্যাটে গিয়ে তিনি গ্যাসের চুলার চাবি খোলা অবস্থায় দেখতে পান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে গ্যাস ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে তিনজন দগ্ধ হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

