স্পোর্টস ডেস্ক
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে নারীদের ট্রিপল জাম্পে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। একই সঙ্গে ১৩.২২ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন তিনি।
কলিঙ্গ স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন স্বপ্না। মাত্র ০.০২ মিটারের ব্যবধানে স্বর্ণপদক হাতছাড়া হয় তাঁর।
স্বপ্না প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার লাফান। দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টা ফাউল হয়। ভারতের সাধনা রবি শেষ বা ষষ্ঠ প্রচেষ্টায় ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জেতেন। ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পান শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।
এর আগে প্রতিযোগিতার প্রথম দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ফাইনালে তিনি ১২.২৪ সেকেন্ড সময় নেন। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হন।
নারীদের ১০০ মিটারে ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ভারতের মিরিথিকা টি। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পান শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা। আজ প্রতিযোগিতার শেষ দিন।

