নিজস্ব প্রতিবেদক
দেশের কৃষি খাতকে প্রচলিত উৎপাদননির্ভর ব্যবস্থা থেকে উদ্যোক্তা ও বাজারমুখী কাঠামোয় রূপান্তর করতে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের এ উদ্যোগের মাধ্যমে কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ বাড়ানো, কৃষিসেবা ডিজিটালাইজ করা এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। তবে প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
দেশে শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদসহ সামগ্রিক কৃষি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রেও কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে একটি অভিন্ন কাঠামোর আওতায় এনে উৎপাদনশীল অংশীদারিত্ব গড়ে তোলা হবে। পাশাপাশি সরকারি কৃষিসেবা প্রদানে ডিজিটাল অবকাঠামো তৈরি এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষিপণ্যের উৎস ও সরবরাহব্যবস্থা শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত উদ্যোগটি বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতা। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রকল্পের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
প্রকল্পটির প্রথম পর্যায়ে চারটি প্রধান উপাদান রাখার পরিকল্পনা করা হয়েছে। মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে এসব উপাদানের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।
প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে উৎপাদন ও বিপণনব্যবস্থা শক্তিশালী করা হবে।
দ্বিতীয় উপাদানে সরকারি কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ খাতে প্রস্তাবিত ব্যয় ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
তৃতীয় উপাদানে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।
চতুর্থ উপাদানে প্রকল্প ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের জন্য ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ের চারটি উপাদানে মোট প্রস্তাবিত ব্যয় ৩৫ কোটি মার্কিন ডলার।
এ ছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে। তিন পর্যায় মিলিয়ে প্রস্তাবিত মোট ব্যয় দাঁড়াচ্ছে ৯০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকা।
প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট অংশীজনদের মতে, প্রস্তাবিত প্রকল্পে উৎপাদনশীল অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেওয়া হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এতে কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনব্যবস্থা আরও শক্তিশালী হতে পারে।

