নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭৭ বছর বয়সী বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যার দায়ে রুবেল প্রধান ওরফে রুবেল মুন্সি নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল প্রধান চাঁদপুর জেলার উত্তর পাঁচআনী এলাকার লিটন মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা কোর্টের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের টাকা সংগ্রহের উদ্দেশ্যে প্রতিবেশী বৃদ্ধা সাফিয়া বেগমকে নিজ ঘরে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নিয়ে যান রুবেল। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে সাফিয়া বেগমকে হত্যা করা হয়। পরে তার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
পরে র্যাব রুবেল প্রধানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায়ের পর বাদীপক্ষের আইনজীবী ইসমাইল ভূঁইয়া সন্তোষ প্রকাশ করেন। তিনি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন।

