রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন ভবন যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রোগীর চাপ ক্রমাগত বাড়তে থাকায় শয্যাসংখ্যা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যার হাসপাতালটি চালু করা হয়েছিল।
পরবর্তী সময়ে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা সম্প্রসারণের জন্য আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ১ হাজারে উন্নীত হলো।
নতুন ভবনের মাধ্যমে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

