নিজস্ব সংবাদদাতা
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা না ফেরায় তুলনামূলক নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীদের একটি অংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এর প্রতিফলন দেখা গেছে। এ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ২৯৩ কোটি ৪৮ লাখ টাকা। আর ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে নিট বিক্রি হয়েছিল মাত্র ৪৩৬ কোটি টাকা। ফলে অর্থবছরের প্রথম মাসেই গত পুরো অর্থবছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, জুলাইয়ে নিট বিক্রির প্রবৃদ্ধি ছিল ৫৯ দশমিক ২২ শতাংশ। একক মাস হিসেবে গত চার বছরের মধ্যে জুলাইয়ের এই নিট বিক্রি সর্বোচ্চ। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ২ হাজার ৫২৩ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল। এরপর আর কোনো মাসে নিট বিক্রি ২ হাজার কোটি টাকা ছাড়ায়নি।
বরং পরবর্তী সময়ে বেশির ভাগ মাসেই নিট বিক্রি ছিল ঋণাত্মক। অর্থাৎ নতুন সঞ্চয়পত্র বিক্রি থেকে যে অর্থ এসেছে, তার চেয়ে বেশি অর্থ পুরোনো সঞ্চয়পত্রের আসল ও মুনাফা পরিশোধে চলে গেছে।
এর আগের তিন অর্থবছরেও একই প্রবণতা দেখা যায়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে নিট বিক্রি ছিল ঋণাত্মক ২১ হাজার ১২৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ঋণাত্মক ৬ হাজার ৬৩ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হলেও নিট বিক্রি দাঁড়ায় মাত্র ৪৩৬ কোটি টাকা। ফলে জুলাইয়ের বিক্রি সাম্প্রতিক বছরগুলোর প্রবণতা থেকে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে।
অর্থনীতিবিদেরা বলছেন, ব্যাংকে আমানতের সুদ কিছুটা বাড়লেও ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা পুরোপুরি ফেরেনি। অন্যদিকে শেয়ারবাজারেও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা রয়েছে। ফলে তুলনামূলক নিরাপদ এবং নির্দিষ্ট মুনাফার বিনিয়োগ মাধ্যম হিসেবে সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ ইত্তেফাককে বলেন, ব্যাংক খাতে মানুষের আস্থার সংকট এখনো পুরোপুরি কাটেনি। মূল্যস্ফীতির চাপে সীমিত সঞ্চয় তুলনামূলক নিরাপদ জায়গায় রাখতে অনেকেই সঞ্চয়পত্র বেছে নিচ্ছেন। মূলধন সুরক্ষার নিশ্চয়তা, প্রয়োজনের সময় নগদায়নের সুযোগ এবং তুলনামূলক ভালো মুনাফার কারণে সঞ্চয়পত্র বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ ধরে রেখেছে বলেও তিনি মনে করেন।
এদিকে সঞ্চয়পত্রের মুনাফার হারও আপাতত অপরিবর্তিত রয়েছে। সরকার চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সব ধরনের জাতীয় সঞ্চয়পত্রের বিদ্যমান মুনাফার হার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণভেদে সর্বোচ্চ মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ, পরিবার সঞ্চয়পত্রে ১১ দশমিক ৯৩ শতাংশ এবং পেনশনার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১ দশমিক ৯৮ শতাংশ মুনাফা পাওয়া যাচ্ছে।
জুলাই শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণস্থিতিও বেড়েছে। জুনে ৩ লাখ ৩৪ হাজার ২ কোটি ৩৫ লাখ টাকা থেকে জুলাইয়ে তা বেড়ে প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৬২ কোটি টাকায় দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যেও জুলাই শেষে সঞ্চয়পত্রে সরকারের ঋণস্থিতি ৩ লাখ ৩৬ হাজার কোটি টাকার বেশি দেখা গেছে।

