নিজস্ব সংবাদদাতা
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীনির্ভর করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ছাড়াই নিয়োগ দেওয়া হচ্ছে। আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে সরকার সচেতনভাবে কাজ করছে বলেও জানান তিনি।
পুঁজিবাজারের আধুনিকায়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাজারের প্রতিটি স্তরে শতভাগ স্বয়ংক্রিয় ব্যবস্থা ও ডিজিটাল প্রযুক্তি চালুর মাধ্যমে পুরো বাজারকে কাগজমুক্ত করতে হবে। তালিকাভুক্তির আবেদন, অনুমোদন ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও অনলাইনে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।
আইসিবিকে প্রচলিত ধারা থেকে বেরিয়ে বাজারভিত্তিক, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা দেন অর্থমন্ত্রী। একই সঙ্গে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতের আধুনিকায়নে প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। বেসরকারি তহবিল, জলবায়ু অর্থায়ন ও ডেরিভেটিভস পণ্যের মাধ্যমে বাংলাদেশে বৈশ্বিক পুঁজি আনার পরিবেশ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, আইসিবি তার অভিজ্ঞতা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের মাধ্যমে আধুনিক, আন্তর্জাতিক মানের ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, যথাযথ বাজার বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ এবং উচ্চ সুদে অর্থ নিয়ে বিনিয়োগ আইসিবির বর্তমান সমস্যার অন্যতম কারণ। এ কারণে পোর্টফোলিও পুনর্বিন্যাসের পাশাপাশি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ সভাপতিত্ব করেন। এ ছাড়া অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, আইসিবির চেয়ারম্যান আবু আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

