প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়ে দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় অলি আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চারদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত, তাই রাষ্ট্র পরিচালনায় তাকে আরও সতর্ক থাকতে হবে।
অলি আহমেদ বলেন, ১১ দলীয় জোট প্রধানমন্ত্রীর শত্রু নয়, বরং বন্ধু। দেশের স্বার্থ বিবেচনায় তারা প্রকাশ্যে পরামর্শ দিচ্ছে। তার ভাষ্য, এই পরামর্শ কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বরং দেশের মঙ্গলের জন্য দেওয়া হচ্ছে।
সেমিনারে এলডিপি চেয়ারম্যান সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন। তিনি দাবি করেন, যারা বিদেশি স্বার্থে দেশের ভেতরে কাজ করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদের মাধ্যমেই বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সরকারকে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অলি আহমেদ বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি সরকারকে কার্যকর সংস্কার কার্যক্রমে মনোযোগ দিতে হবে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির মতো ঘটনা জনজীবনে অস্বস্তি তৈরি করছে।
এলডিপি চেয়ারম্যান অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি ও নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার মতে, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য শক্তিশালী প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে অলি আহমেদ আবারও উল্লেখ করেন, ১১ দলীয় জোট সরকার বা প্রধানমন্ত্রীর বিরোধী নয়। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে তারা গঠনমূলক পরামর্শ দিয়ে যাচ্ছে। দেশের স্বার্থে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

