ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ভক্তদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হয়েছেন বলিউড তারকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘সির সির’-এর সাফল্যের পর এবার প্রকাশ পেয়েছে তার নতুন অ্যান্থেম সং ‘চ্যাম্পিয়নস’।
অফিশিয়াল থিম সং প্রকাশের মাত্র দুই সপ্তাহ পরই নতুন এই গানের মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সঙ্গীত প্রযোজক সঞ্জয় দেব এবং নোরা ফাতেহি।
নতুন গানটির মিউজিক ভিডিওতে ফুটবলকে ঘিরে নানা আকর্ষণীয় ভিজ্যুয়াল এবং নোরার প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ছে। ফুটবল জার্সি পরে ভক্তদের সঙ্গে তাল মিলিয়ে তার নাচের পরিবেশনা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই গানটির মুক্তির ঘোষণা দেন নোরা। এর পরপরই ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকাও গানটির প্রশংসা করেন এবং বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য শিল্পীদের অভিনন্দন জানান।
এর আগে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেব ও নোরা ফাতেহির পরিবেশনায় অফিশিয়াল গান ‘সির সির’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘চ্যাম্পিয়নস’ গানটি নিয়ে আবারও আলোচনায় এলেন এই দুই শিল্পী।
সংগীতের পাশাপাশি বাস্তবেও মরক্কো ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা প্রকাশ করেছেন নোরা ফাতেহি। সম্প্রতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মরক্কোর জায়গা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এক পোস্টে নোরা লেখেন, ম্যাচটি দেখার সময় তার উত্তেজনার মাত্রা এতটাই বেশি ছিল যে, মনে হচ্ছিল হৃদস্পন্দনই থেমে যাবে। একই সঙ্গে তিনি বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা করে নেওয়ায় মরক্কো দলকে অভিনন্দন জানান।

