আন্তর্জাতিক ডেস্ক
২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ভারতের তরুণদের সরকারবিরোধী বিক্ষোভে অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা।
প্রগতিশীল ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের আন্দোলনের প্রতি সংহতি জানান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সংগঠনটির ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করা হয়।
ভিডিও বার্তায় নেহা বোরা বলেন, ভারতজুড়ে চলমান জেন-জি আন্দোলন বাংলাদেশের তরুণদের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে। ভারতের তরুণদের পাশে দাঁড়ানো এবং তাদের আন্দোলনে সমর্থন জোগানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনকে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম হিসেবে উল্লেখ করে নেহা বলেন, ভারতে চলমান বিক্ষোভের লক্ষ্যও একই। তিনি বলেন, “আমরা আপনাদের প্রতি সংহতি জানাই। আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং আপনাদের আন্দোলন থেকে শিখেছি।”
নেহা বোরার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, ভারতের তরুণেরাও একইভাবে মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হুমকি এবং মুক্ত ও সমালোচনামূলক চিন্তার পরিসর সংকুচিত করার প্রচেষ্টার সঙ্গে ভারতের শিক্ষাঙ্গনে উগ্রবাদী প্রভাব বিস্তারের মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দক্ষিণ এশিয়ার তরুণদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন আইসা সভাপতি। তাঁর প্রত্যাশা, দুই দেশের তরুণেরা একসঙ্গে কাজ করে আরও গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সম্ভাবনাময় দক্ষিণ এশিয়া গড়ে তুলতে পারবেন।
সম্প্রতি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতের জেন-জি নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনে নেহা বোরা পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্বাচনী সংস্কার, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারসহ বিভিন্ন দাবিতে তিনি মোদি সরকারের সমালোচনা করে আসছেন।

