ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের এনএস১ (NS1) পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব হাসপাতাল ও স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

