চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়।
‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।
স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য, আহত যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের অবদান স্মরণ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৯ দিনের কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
এর আগে, বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল গত বৃহস্পতিবার এই কর্মসূচি ঘোষণা করে। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে এবং ৩ আগস্ট তা শেষ হবে।

