নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটিকে আধুনিক ও পরিবেশবান্ধব মেগাসিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন মেগা প্রকল্পে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পান বড় অঙ্কের অর্থায়ন ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরশেন (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানে।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয়ে সংস্থার প্রশাসকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় চায়না হারবারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
সভায় নারায়ণগঞ্জকে একটি যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি সম্ভাবনাময় মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন এবং এলআরটি বা মনোরেলভিত্তিক আধুনিক গণপরিবহন ব্যবস্থা চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পায়। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ এবং আধুনিক সেতু নির্মাণের পরিকল্পনাও তুলে ধরা হয়।
চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান এসব উন্নয়ন উদ্যোগকে দূরদর্শী বলে প্রশংসা করেন। তারা জানান, নারায়ণগঞ্জের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রতিষ্ঠান প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি বড় ধরনের বিনিয়োগ করতে প্রস্তুত।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ সময় নগরবাসীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, আধুনিক চিকিৎসা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা ব্যক্ত করেন। মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই দ্বিপাক্ষিক সহযোগিতা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে শিল্পনগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকাসহ সমগ্র জেলার অবকাঠামো খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। যৌথ উদ্যোগের এই মেলবন্ধন ভবিষ্যতে নারায়ণগঞ্জকে একটি উন্নত ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক মানের মেগাসিটি হিসেবে প্রতিষ্ঠার পথ সুদৃঢ় করবে।

