পানামা খালে আগামী সেপ্টেম্বর থেকে জাহাজ চলাচলে নতুন করে সীমা আরোপ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এল নিনো আবহাওয়ার প্রভাবে খরা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে জলপথটির পানির স্তর কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চ্যানেলটির তদারকি সংস্থা পানামা ক্যানেল অথরিটি নতুন দৈনিক ট্রাফিক সীমা নির্ধারণের ঘোষণা দেয়।
নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর থেকে পানামা খালে প্রতিদিন সর্বোচ্চ ৩৪টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা আরও কমিয়ে দিনে ৩২টি জাহাজে নামিয়ে আনা হবে। এর আগে মে মাসে কর্তৃপক্ষ কোনো বিধিনিষেধ আরোপ না করার সিদ্ধান্ত জানিয়েছিল। তবে তীব্র খরার পূর্বাভাসের কারণে সেই অবস্থান থেকে সরে এসেছে তারা।
বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পানামা খালে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ চলাচল করতে পারে। তবে জুন থেকে দৈনিক গড়ে ৩৫টি জাহাজ চলাচল করছিল। নতুন সীমার কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ধীরগতি তৈরি হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনের ব্যয়ও বাড়তে পারে।
এর আগে ২০২৩ সালে তীব্র খরার কারণে পানামা খালে জাহাজ চলাচল প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত কমে গিয়েছিল। এবারও আবহাওয়ার বিরূপ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, সামনের মাসগুলোতে শক্তিশালী এল নিনোর প্রভাব দেখা দিতে পারে। এতে পানামা সিটি ও আশপাশের এলাকার পানির সরবরাহেও চাপ তৈরি হতে পারে।
পানামা খালের লক বা পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনায় বিপুল পরিমাণ মিঠা পানির প্রয়োজন হয়। খালের কার্যক্রম সচল রাখার পাশাপাশি স্থানীয় জনগণের সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে পানির মজুত সংরক্ষণ জরুরি। এ কারণেই জাহাজ চলাচলে নতুন সীমা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

