নিজেস্ব সংবাদদাতা :
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা তীব্র প্রতিবাদ কর্মসূচির মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করেছে দিল্লি পুলিশ। আজ শনিবার রাজধানী দিল্লির পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
ভোট পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী।
দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে তৃণমূলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সংসদ সদস্যও আটক হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ একটি প্রিজন ভ্যানে করে তাদের অজানা কোনো স্থানে নিয়ে গেছে।
অন্যদিকে, যন্তর মন্তরের কাছে বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেওয়ার সময় ভারতের কমিউনিস্ট পার্টি–মার্কসবাদীর (সিপিআই–এম) জ্যেষ্ঠ নেতা ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আটক করা হয়। মানিক সরকারের পাশাপাশি বেশ কয়েকজন বামপন্থী শীর্ষ নেতাকেও দিল্লি পুলিশ হেফাজতে নিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাত ও আগাম অনুমতির অভাব দেখিয়ে দিল্লি পুলিশ এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ করার পাশাপাশি যন্তর মন্তরগামী বিভিন্ন সড়কে বেরিকেড ও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে সিইসি জ্ঞানেশ কুমারের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করে আসছে।

