নিজস্ব সংবাদদাতা
সারা দেশে খাদ্যে ভেজালবিরোধী তদারকি জোরদারের অংশ হিসেবে স্থাপিত মোবাইল ল্যাবরেটরি ভ্যান (ভ্রাম্যমাণ পরীক্ষাগার) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের পূর্বে তিনি এই বিশেষ যানটি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রীর সামনে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া প্রদর্শন করা হয়। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির প্রযুক্তিগত সক্ষমতা ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এ ধরনের ভ্রাম্যমাণ পরীক্ষাগারের সাহায্যে খাদ্যদ্রব্যের পরীক্ষা ও নিবিড় তদারকি চালানো হচ্ছে। পর্যায়ক্রমে এটি দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের একটি বিস্তৃত পরিকল্পনা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ৭২টি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্য সম্পর্কিত সচেতনতা বাড়াতেও এই ভ্যানগুলোতে বিশেষ সুবিধা রাখা হয়েছে। গাড়িগুলোর বাইরের অংশ যুক্ত থাকা মনিটরে নিয়মিত সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
ল্যাবরেটরি পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

