বিনোদন ডেস্ক
বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’ পোল্যান্ড ও মিশরের দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এর মধ্যে পোল্যান্ডের এনার্গাক্যামেরিমেজ চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ ও চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্তক।
বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত হয়েছে সাদাকালো সিনেমাটি। ছবিটির ইংরেজি নাম ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।
মনোজ প্রামাণিকের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মগাদোর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এর দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের নিবিড় পর্যবেক্ষণ ছবিটির স্বতন্ত্র দৃশ্যভাষা তৈরি করেছে।
সিনেমাটির গল্পে কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো ও নানা বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খোঁজেন তিন নারী। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ অনেকে।
পোল্যান্ডের এনার্গাক্যামেরিমেজ চলচ্চিত্র উৎসব আগামী ৭ নভেম্বর শুরু হয়ে চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। উৎসবটির সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি।
অন্যদিকে মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড—স্পেশাল জুরি প্রাইজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি। আগামী ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব।
এর আগে গত জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছিল ‘সাঁকোটা দুলছে’।

