বিনোদন ডেস্ক
ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। চলচ্চিত্রটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পরিচালক জানান, তাসকানি থেকে সুখবরটি এসেছে। তিনি লেখেন, লুক্কা চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘মাস্টার’। তাঁর মতে, এই অর্জন সিনেমাটির সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘মাস্টার’। পুরস্কার জয়ের পর জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান পরিচালক। একই সঙ্গে সিনেমাটির পুরো কলাকুশলী দলের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন তিনি।
অভিনেত্রী আজমেরী হক বাঁধনও এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মাস্টার’ শুধু একটি সিনেমা নয়, এটি সময়, সমাজ ও মানুষের নানা সংকটের কথা বলে। আন্তর্জাতিক দর্শক ও জুরি বোর্ডের কাছে এমন একটি গল্পের স্বীকৃতি পাওয়া বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আনন্দের ও গর্বের।
এবারের উৎসবে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো।
জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়েছে, ‘মাস্টার’-এর গল্প দেখতে সাধারণ মনে হলেও বর্তমান বিশ্বে গণতন্ত্রের সংকটকে সিনেমাটি অসাধারণভাবে তুলে ধরেছে। এতে একজন আদর্শবান শিক্ষকের গল্প বলা হয়েছে, যিনি সততা ও ন্যায়বিচারের পক্ষে থাকলেও ব্যক্তিস্বার্থনির্ভর রাজনৈতিক ব্যবস্থার জটিলতায় শেষ পর্যন্ত দুর্নীতির কাছে পরাজিত হন।
চলতি আসরে বিশ্ব চলচ্চিত্রের দুই প্রখ্যাত নির্মাতা নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন তাঁর নতুন সিনেমার জন্য ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
‘মাস্টার’ সিনেমায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল ও মাহমুদ আলমসহ অনেকে।

