বিনোদন ডেস্ক
৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে লড়বে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। অস্কার বাংলাদেশ কমিটি সিনেমাটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক সাবমিশন হিসেবে নির্বাচিত করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘রইদ’-এর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ও অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করেন।
এবার অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য মোট পাঁচটি সিনেমা জমা পড়েছিল। এগুলো হলো মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। পরে ‘মানুষের বাগান’ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে চারটি সিনেমা চূড়ান্ত বাছাইয়ে ছিল।
অস্কার বাংলাদেশ কমিটির মূল্যায়ন ও আলোচনার পর ‘রইদ’কে বাংলাদেশের আনুষ্ঠানিক সাবমিশন হিসেবে নির্বাচিত করা হয়। কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম ছাড়াও এতে ছিলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।
‘রইদ’ মূলত সাধু নামের এক ব্যক্তি ও তার স্ত্রী পাগলির সম্পর্ককে ঘিরে নির্মিত। প্রেম ও নীরবতার মধ্য দিয়ে মানবজীবনের গভীর অনুভূতি ও আদিম প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।
সিনেমাটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, মেজবাউর রহমান সুমন, জাহিদ ফারুক ও শুকর্ণ শাহেদ ধীমান।
বাংলাদেশের আনুষ্ঠানিক সাবমিশন হিসেবে নির্বাচিত হলেও ‘রইদ’ এখনো অস্কারের চূড়ান্ত মনোনয়ন পায়নি। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে পরবর্তী বাছাই ও ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন নির্ধারিত হবে।

