নিজস্ব সংবাদদাতা
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবাদাতাদের মধ্যে আরও জনপ্রিয় করতে ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত সার্কুলার জারি করে। নতুন এ ব্যবস্থা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
সার্কুলার অনুযায়ী, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি যোগ্য বাংলা কিউআর লেনদেনের বিপরীতে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠান লেনদেনের পরিমাণের ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।
ব্যক্তিগত খুচরা হিসাবের মাধ্যমে যুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা এবং সেবাদাতাদের মার্চেন্ট পয়েন্টে সম্পন্ন হওয়া যোগ্য লেনদেনের ক্ষেত্রে মাসিক ভিত্তিতে এ প্রণোদনা দেওয়া হবে। বৈধ ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টের ক্ষেত্রেও নির্ধারিত শর্তে এ সুবিধা প্রযোজ্য হবে।
বাংলা কিউআরভিত্তিক লেনদেন বাড়াতে বাংলাদেশ ব্যাংক এ উদ্যোগ নিয়েছে। এর আগে ১০ আগস্ট জারি করা পৃথক নির্দেশনায় বাংলা কিউআর লেনদেনে আন্তঃপ্রতিষ্ঠান ফি শূন্য করার সিদ্ধান্তও নেওয়া হয়।
প্রণোদনা পাওয়ার জন্য কোনো একক লেনদেনকে একাধিক ছোট লেনদেনে ভাগ করা, কৃত্রিমভাবে লেনদেনের কাঠামো পরিবর্তন করা বা অন্য কোনো কৌশল নেওয়া যাবে না। বাতিল, ব্যর্থ বা পরবর্তীতে ফেরত দেওয়া লেনদেনের বিপরীতেও প্রণোদনা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো ক্ষুদ্র ব্যবসায়ী ও সেবাদাতাদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের পরিধি বাড়ানো এবং দেশে ডিজিটাল লেনদেন আরও সম্প্রসারণ করা।

