জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে। এর মাধ্যমে দেশের গ্রামীণ উন্নয়ন, পল্লী অর্থনীতির বিকাশ এবং এ খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরা হয়।

