এসএসসি পরীক্ষায় কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল করে ২০২৫ সালের প্রশ্নে ১৭৭ জন শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণের অভিযোগে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বোর্ডের মহাপরিচালকের কাছে এই সুপারিশ করা হয়। দায়িত্ব অবহেলার কারণে কক্ষ প্রত্যবেক্ষক হিসেবে নিয়োজিত ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়াও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরো একটি চিঠিতে অব্যাহতি দেয়ার বিষয়টি জানিয়েছেন। অপরদিকে, এক অফিস আদেশে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত অভিযুক্ত কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারের স্থলাবিষক্ত করেন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিউলি আক্তার, সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমীঘাট উচ্চ বদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিছুর রহমান, সোনারগাঁ আইডিয়াল স্কুলের সুমাইয়া আজাদ, সায়েদা খাতুন ইসলামীক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন, আকবর আলী হাই স্কুল এন্ড কলেজের বদরুন নাহার ইভা, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের মনিরুজ্জামান, মেঘনা শিল্প নগরী উচ্চ বিদ্যালয়ের ছানোয়ারা বেগম ও জামপুর মাঝের চর উচ্চ বিদ্যালয়ের আব্দুল হামিদ।
জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথমদিনে অংশ নেয় সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরোটরি স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ প্রশ্নেই শিক্ষার্থীরা এক ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। পরবর্তীতে পুরাতন প্রশ্নে পরীক্ষা দেয়ার বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসে। বিষয়টি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের অবগত করা হলে তাৎক্ষনিকভাবে ইউএনও’কে জানিয়ে সঠিক প্রশ্নে সময় বৃদ্ধি করে পরীক্ষা গ্রহণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ওই কেন্দ্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তুলকলাম সৃষ্টি হয়। একপর্যায়ে কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ করে অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে বিকেলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতির পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়াও ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সর্বশেষ
- চারশো ছাড়াল লিড, সেঞ্চুরির পথে লিটন
- স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-দখলদারদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
- পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- অক্টোবরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
- সমন্বিত কূটনৈতিক উদ্যোগে রোহিঙ্গা সংকট সমাধানে জোর দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- পেশাগত স্বার্থ-অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

