বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় সোমবার ভোরে পরপর তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ ও মেঘালয় এলাকায় সংঘটিত এসব ভূকম্পন বাংলাদেশের কাছাকাছি অঞ্চলেও অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার কিছু পরের মধ্যে পর্যায়ক্রমে তিনটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্র।
প্রথম ভূমিকম্পটি বাংলাদেশ সময় ভোর ৪টা ১৩ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৯ কিলোমিটার গভীরে।
এর পাঁচ মিনিট পর, অর্থাৎ ভোর ৪টা ১৮ মিনিটে ভারতের অরুণাচল প্রদেশ ও ভুটানের সীমান্তবর্তী এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৩ এবং উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার।
তৃতীয় ভূমিকম্পটি ভোর ৫টা ৫ মিনিটে ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম খাসি পাহাড় এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৯ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর কয়েক ঘণ্টা আগে, বাংলাদেশ সময় রোববার রাত ১টা ৪০ মিনিটে অরুণাচল প্রদেশে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এ ছাড়া, সোমবার ভোরে মণিপুরে যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, তার কাছাকাছি এলাকায় রোববার সন্ধ্যায় ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী অঞ্চলে ভূকম্পন নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

