শুক্রবার, মে ১৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে প্রকাশ্য দিবালোকে ৩ র‌্যাব কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টায় শহরের মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের ২ সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে র‌্যাব-১১ এর ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে সদর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান।
র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সাজ্জাদ হোসেন মুঠোফোনে বলেন, ৩ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। কীভাবে কারা এই হামলা চালিয়েছে, তা বিস্তারিত পরে জানানো হবে।
স্থানীয়রা জানায়, দুপুরে ৩ জন র‌্যাব কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে তথ্য সংগ্রহের জন্য শহরের বয়ালিয়া খাল এলাকায় যায়। এসময় কয়েকজন সন্ত্রাসী র‌্যাব কর্মকর্তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে ৩ জন র‌্যাব কর্মকর্তা আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, হামলার ঘটনায় ৩ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়েছে এবং বাকি ২ জন নারায়ণগঞ্জেই চিকিৎসা নিচ্ছেন।
বিস্তারিত জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, র‌্যাব আলাদা একটি সংস্থা। তারা সেখানে কি অভিযানে ছিল সেটা তারাই বলতে পারবে। এ বিষয়ে আমাদের তেমন কিছু জানা নেই।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ৩ জন র‌্যাব কর্মকর্তা তথ্য সংগ্রহের জন্য গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে।

Share.
Exit mobile version