নিজস্ব প্রতিবেদক
প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটকে শিল্প ও ব্যবসা খাতের জন্য সহায়ক ও সংস্কারমুখী উদ্যোগ হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
শুক্রবার (১২ জুন) বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংগঠনটি জানায়, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি ও বিনিয়োগ স্থবিরতার মধ্যে সরকার যেসব সংস্কার প্রস্তাব দিয়েছে, তা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখতে পারে।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতার মধ্যে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের সংস্কার উদ্যোগ ইতিবাচক।
তিনি বলেন, ব্যাংকিং খাত, কর ব্যবস্থা ও সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কারের অঙ্গীকার শিল্প খাতের জন্য দীর্ঘমেয়াদে সহায়ক হবে।
বিসিআই সভাপতি আরও বলেন, ১০টি অগ্রাধিকার খাত নির্ধারণ, পাশাপাশি ক্রিয়েটিভ অর্থনীতি ও ব্লু-ইকোনমিকে গুরুত্ব দেওয়া টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ব্যবসা সহজ করতে ডিরেগুলেশন উদ্যোগ বাজেটের উল্লেখযোগ্য দিক। তবে এসব প্রস্তাবের কার্যকর বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ।
তিনি বলেন, বড় বাজেট একটি জনবহুল দেশের প্রয়োজন অনুযায়ী প্রণীত হয়েছে, তবে বাস্তবায়ন সক্ষমতা নিশ্চিত করা জরুরি।
বিসিআই মনে করে, প্রথম দিন থেকেই বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা ও টাইমলাইন থাকা প্রয়োজন। পাশাপাশি সব অংশীজনকে প্রক্রিয়ায় যুক্ত করতে হবে।
সংগঠনটি বাজেট বাস্তবায়নে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংক ঋণের সুদহার কমানো, এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো।
এছাড়া দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, বন্ধ কারখানা পুনরায় চালু, এসএমই খাতের বাধা দূরীকরণ এবং নতুন ও নারী উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাস্তবায়নের ওপরও জোর দেয় বিসিআই।

