যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে ১০ ফুট উঁচু একটি ‘পার্টিসিপেশন ট্রফি’ স্থাপন করা হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভূমিকা এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তকে বিদ্রূপ করতেই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে।
দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ ব্যঙ্গাত্মক এই স্থাপনাটি নির্মাণ করেছে। এটি বর্তমানে ম্যানহাটনের ফোলি স্কয়ারে প্রদর্শিত হচ্ছে, যা ২০২৪ সালের ‘হাশ মানি’ মামলায় ট্রাম্পের বিচার হওয়া আদালতের কাছেই অবস্থিত।
সোনালি রঙের ট্রফিটি প্রথম গত ১৩ জুলাই ওয়াশিংটনের ন্যাশনাল মলে প্রদর্শন করা হয়। পরে সেটি নিউইয়র্কে স্থানান্তর করা হয়।
ট্রফির নিচে সংযুক্ত একটি ফলকে ট্রাম্পের ইরান-সংক্রান্ত নীতিকে কটাক্ষ করে লেখা হয়েছে, ‘ইরান যুদ্ধে উৎসাহী অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে এই পার্টিসিপেশন ট্রফি প্রদান করা হচ্ছে। অন্যরা যখন সামরিক কৌশল, কূটনীতি বা বাস্তব ফলাফল নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তিনি ফলাফল যাই হোক না কেন, অংশ নেওয়ার সাহস দেখিয়েছেন।’
শিল্পকর্মটির নিচে বিভিন্ন অলংকারের পাশাপাশি একটি WWE চ্যাম্পিয়নশিপ বেল্টও রাখা হয়েছে, যা ব্যঙ্গাত্মক উপস্থাপনার অংশ।
শিল্পীগোষ্ঠী ‘সিক্রেট হ্যান্ডশেক’ জানিয়েছে, ট্রফিটি পুরো সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে। তারা আশা করছে, নিউইয়র্কবাসী এতে আরও প্রতীকী উপকরণ যুক্ত করবেন। তাদের ভাষায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়ার মতো কোনো অর্জনই খুব ছোট, খুব দূরের বা খুব অযোগ্য নয়।’

