২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শটগান প্রায় এক বছর পর উদ্ধার হয়েছে। উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে আসে অস্ত্রটি। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে শটগানটি উঠে আসে।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়, উদ্ধার হওয়া শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, অস্ত্রটি থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। কীভাবে শটগানটি পুকুরে এলো এবং এতদিন সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, থানা থেকে লুট হওয়া বাকি অস্ত্র উদ্ধারে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

