নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে মহাসড়কের পাশে দখলমুক্ত হয়েছে ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।
অভিযানে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসন ও সোনারগাঁ থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে তাদের ভাড়াটিয়া লোকজন মহাসড়কের পাশে সওজের জায়গা ও ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণ করছিলেন। পরে এসব দোকান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
তিনি বলেন, অবৈধ স্থাপনার কারণে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। পাশাপাশি মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।
জনস্বার্থে সড়ক ও জনপথ বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।
মামুন সরকার আরও বলেন, সড়ক ও জনপথ বিভাগের এ উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

