নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নিখোঁজের একদিন পর আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর হাত-পা বাঁধা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনের একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয়রা ভাঙারি গোডাউনের পাশের ডোবায় একটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার ভেতর হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ‘খ সার্কেল’ দীপংকর ঘোষ ও সোনারগাঁ থানার ওসি মহম্মদ আবদুল বারিক।

