নিজস্ব সংবাদদাতা
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই নিকটস্থ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টা ২৫ মিনিটে তারা পৌঁছান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আরও নয়টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থল প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক পর্যায়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

