নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী এক কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় সোনিয়া ও তাঁর স্বামী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও-কান্দাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রওশন আরার সঙ্গে তাঁর ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে জাকিরের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় রওশন আরার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির বাইরে যান। এ সময় বাড়িতে ঘুমিয়ে ছিল কিশোরী আফরিন আক্তার। বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনিয়া তাঁদের ঘরে ঢুকে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে কিশোরীর কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
কিশোরীর মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তাঁর মেয়েকে দায়ী করা হয়েছিল। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোনিয়া মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেন বলে তিনি অভিযোগ করেন।
রওশন আরা আরও বলেন, মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার পর স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি থানায় মামলা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হবে। ঘটনার পর পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা হয়েছিল, তবে সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার মামলা করেছে।

