নিজস্ব প্রতিবেদক
জাপানে গিয়ে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখেছিলেন নারায়ণগঞ্জের বন্দরের তরুণ শিক্ষার্থী ইউনুস রাশিদ নিঝুম (২২)। সেই স্বপ্ন পূরণে শিখছিলেন জাপানি ভাষা। সব প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে ছিল। আগামী ফেব্রুয়ারিতে জাপানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই তরুণ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের বন্দরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর মদনগঞ্জগামী লেনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন নিঝুম। এ ঘটনায় তাঁর বন্ধু ফারহান (১৯) আহত হয়েছেন।
নিহত ইউনুস রাশিদ নিঝুম বন্দরের নবীগঞ্জ মোল্লাবাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়াশোনা করছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, উচ্চশিক্ষার জন্য জাপানে যাওয়ার ইচ্ছা ছিল নিঝুমের। সেখানে পড়াশোনা শেষ করে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন তিনি। এ জন্য জাপানি ভাষা শেখাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে তাঁর জাপানে যাওয়ার কথা ছিল।
মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বর্মন জানান, মদনগঞ্জগামী লেনে দ্রুতগতিতে চলার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি ছিটকে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিঝুমের মৃত্যু হয়। তাঁর পেছনে থাকা বন্ধু ফারহান আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিঝুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত ফারহানকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

