স্পোর্টস ডেস্ক
আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেয়েছে টাইগার যুবারা।
শনিবার (৭ নভেম্বর) ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। ৯৮ বলের ইনিংসে চারটি ছক্কা মারেন তিনি।
এ ছাড়া ৮৩ বলে ৫৯ রান করেন এসকে জারিফ সিয়াম। আব্দুল্লাহ আল মুহি করেন ৩০ রান। শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেভিরত্নে চারটি, গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট নেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগোদা। তাঁর ৮৫ রানের ইনিংসে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল লঙ্কানরা।
তবে সেনুজা ফিরে যাওয়ার পর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।

