নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) গণমুখী, সম্পূর্ণ স্বাধীন, নির্ভরযোগ্য ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চায় সরকার। প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন এবং অর্থনৈতিক সুশাসন জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বিবিএস মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিবিএসের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, যাতে প্রতিষ্ঠানটি কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই দায়িত্ব পালন করতে পারে। এ বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান: টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার।
বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির পরিচালক কবির উদ্দিন আহমেদ জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার আধুনিকায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএসএ) সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাহাদাত হোসেন এবং বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
অর্থমন্ত্রী বলেন, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন, কার্যকর পরিকল্পনা এবং সুষ্ঠু সরকারি নীতি প্রণয়নের মূল ভিত্তি। সরকারের আয়-ব্যয়ের হিসাবের ক্ষেত্রে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। নির্ভুল তথ্য ছাড়া সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই।
দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করা এবং বিশ্বাসযোগ্য তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজনৈতিক গণতান্ত্রিকীকরণের পাশাপাশি অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণও জরুরি। অর্থনৈতিক গণতন্ত্রায়ন ছাড়া রাজনৈতিক গণতন্ত্র কার্যকরভাবে চলতে পারে না। এ কারণে বিবিএসকে ক্ষমতায়ন করা এবং আরও গণমুখী করে তোলা অত্যাবশ্যক।
সরকারি পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তথ্যকে আরও জনমুখী, পরিমাপযোগ্য, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে চায় সরকার বলে জানান তিনি।
রাজনৈতিক বা প্রশাসনিক উদ্দেশ্যে তথ্য বিকৃত কিংবা হেরফের করার বিষয়ে সতর্ক করে আমির খসরু বলেন, কোনো সরকার তথ্য-উপাত্তে কারসাজি করলে মূলত নিজেদেরই প্রতারিত করে। এতে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় এবং সরকারের কর্মসূচি ও নীতিমালার সফল বাস্তবায়নও বাধাগ্রস্ত হয়।
অতীতের পরিসংখ্যান পর্যালোচনার বিষয়ে তিনি বলেন, তথ্যের অসংগতি চিহ্নিত করা এবং অন্তর্নিহিত সমস্যাগুলো বুঝতে সরকার অতীতের তথ্যের ফরেনসিক পরীক্ষা শুরু করেছে। সমস্যার গভীরে না গেলে প্রকৃত কারণ শনাক্ত করে সমাধানের পথ বের করা সম্ভব নয়। তবে এ পর্যালোচনাকে শুধু আগের সরকারের ত্রুটি চিহ্নিত করার অনুশীলন হিসেবে দেখা উচিত নয়।
অর্থমন্ত্রী বলেন, সঠিক তথ্যের সহজলভ্যতা সরকারকে উপযুক্ত নীতি প্রণয়নে, গবেষকদের অর্থবহ গবেষণা পরিচালনায় এবং কর্তৃপক্ষকে বৈষম্য চিহ্নিত করে সংশোধনমূলক ব্যবস্থা নিতে সহায়তা করে।
নতুন নীতি প্রণয়নের পাশাপাশি বিদ্যমান নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে অনেক নীতি গ্রহণ করা হয়েছে। তবে সেগুলোর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার সরকার বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
আধুনিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী ডিজিটাল অবকাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। সম্প্রতি দক্ষিণ কোরিয়া সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, সরকার ও জনগণের অগ্রযাত্রায় ডিজিটাল অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সরকারের ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্য প্রয়োজন।
পরিসংখ্যান ও গবেষণার তথ্য সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তথ্যপ্রাপ্তি উন্মুক্ত হলে জনগণের মতামত, পর্যালোচনা ও স্বাধীন গবেষণার সুযোগ বাড়বে। এতে ভুলত্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।
একটি গবেষণা কেন্দ্র উদ্বোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গবেষণার সুযোগ-সুবিধা ও তথ্য অনলাইনে উন্মুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে, যাতে আরও বেশি মানুষ এসব সুবিধা নিতে পারেন।
অর্থমন্ত্রী বলেন, পরিসংখ্যানের তথ্যকে শুধু সরকারের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত নয়। সরকারি উদ্যোগে এসব তথ্য সংগ্রহ করা হলেও এর প্রকৃত মালিক জনগণ। তাই সামগ্রিকভাবে সমাজের স্বার্থে এসব তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিবিএসের কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরতদের নিষ্ঠা ও সহযোগিতার প্রশংসা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সরকারের উন্নয়ন কর্মসূচির সঙ্গে কার্যক্রমের সমন্বয় সাধনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিবিএসের জনবল সংকট ও অন্যান্য পরিচালনাগত সমস্যার বিষয়েও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও উদ্যোগ নেওয়া হবে।
অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারি কর্মকর্তা, পরিসংখ্যানবিদ, গবেষক ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টায় একটি গণমুখী, স্বাধীন ও স্বচ্ছ পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

