আন্তর্জাতিক ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রথমবারের মতো যৌথ কৌশলগত আলোচনায় বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। দ্রুত বিকাশমান এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ঝুঁকি মোকাবিলায় ইউরোপের ভবিষ্যৎ নীতিনির্ধারণের দিকনির্দেশনা নিয়ে আলোচনা করছেন তাঁরা।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এ অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে ইউরোপের অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, নিজস্ব এআই প্রযুক্তির উন্নয়ন এবং নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রযুক্তিটির সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বৈঠকে বক্তব্য দিচ্ছেন ফ্রান্সের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান মিস্ত্রাল এআইয়ের প্রধান নির্বাহী আর্থার মেনশ এবং নোবেলজয়ী গবেষক জিওফ্রি হিন্টন। ইউরোপের প্রযুক্তিগত সক্ষমতা ও এআই খাতে স্বনির্ভরতা বাড়ানোর বিষয়ে মেনশের সঙ্গে আলোচনা করছেন নেতারা। অন্যদিকে, এআইয়ের সামাজিক প্রভাব, নিরাপত্তা ও আস্থার সংকট নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন হিন্টন।
এআই খাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেও এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের তথ্য প্রকাশিত হয়েছে। এর মধ্যে এক নারীর বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তবে অভিযোগটি এখনো তদন্তাধীন।
হুয়াংয়ের পদত্যাগের পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে এনভিডিয়ার শেয়ারের দর কমে যায়। একই দিন বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের শেয়ারেও নেতিবাচক প্রভাব পড়ে। ইইউর এক কর্মকর্তা এএফপিকে জানান, নেতাদের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে এনভিডিয়ার বিষয়টি নেই। তবে সাম্প্রতিক পরিস্থিতির পর কেউ চাইলে বৈঠকে বিষয়টি তুলতে পারবেন।
ইউরোপীয় অর্থনীতির বিকাশে এআইয়ের ভূমিকা এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের গতি বাড়ানোর বিষয়েও আলোচনা হচ্ছে। চলতি বছর ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান ও অ্যানথ্রোপিকের প্রধান দারিও আমোদেইসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান এআইয়ের উন্নয়ন ও বিস্তারের গতি কমানোর আহ্বান জানিয়েছিলেন। তবে ইউরোপের শীর্ষ এআই প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত মিস্ত্রাল এআই এ প্রযুক্তির উন্নয়ন এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে।
বৈঠকের আগে এস্তোনিয়া ও ফিনল্যান্ডের দেওয়া এক চিঠিতে গুরুতর এআই-সংক্রান্ত দুর্ঘটনা বা সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উন্নত এআই প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জীবাশ্ম জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের জন্য অতীতে ইউরোপের বাইরের সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার প্রসঙ্গ টেনে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এএফপিকে বলেন, ‘আমাদের একই ভুল আবার করা উচিত নয়। নতুন প্রযুক্তিতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে।’
এআইয়ের সামাজিক প্রভাব ও নিরাপত্তাঝুঁকি নিয়েও আলোচনা করছেন ইউরোপীয় নেতারা। ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর পর বিশ্বজুড়ে এ প্রযুক্তি নিয়ে নতুন করে ব্যাপক আগ্রহ তৈরি হয়। এরপর থেকে এআইয়ের দ্রুত বিকাশের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।
ইউরোপীয় সংস্কারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের গবেষক জেমস গ্রিন বলেন, এআইয়ের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত ও বহুমুখী কৌশল গ্রহণ করা প্রয়োজন। ইউরোপে অর্থনৈতিক সুফল পেতে দায়িত্বশীলভাবে এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য ক্ষতি ও ঝুঁকি কমাতে কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং আন্তর্জাতিক অংশীদারত্ব কাজে লাগাতে হবে বলে তিনি মত দেন।

