আন্তর্জাতিক ডেস্ক
অর্থসংকট ও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে মাঝপথেই থেমে গেছে বিলাসবহুল ক্রুজ জাহাজ ‘ওডিসি’র বিশ্বভ্রমণ। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেসের আর্থিক সংকটের মধ্যে জাহাজটি সিঙ্গাপুর বন্দরে আদালতের আদেশে আটক করা হয়েছে।
সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) সোমবার (৯ নভেম্বর) জানায়, আদালতের আদেশে জাহাজটি আটক করা হয়েছে। বর্তমানে এতে কোনো যাত্রী নেই। জাহাজে থাকা ক্রু সদস্যরা নিরাপদে আছেন এবং তাঁদের কল্যাণ ও দেখভালের ব্যবস্থা করছেন ঋণদাতারা।
২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে ‘ওডিসি’। সাড়ে তিন বছরে বিশ্বের ১৫০টি দেশ ভ্রমণের পরিকল্পনা ছিল জাহাজটির। যাত্রীদের জন্য এতে স্থায়ীভাবে বসবাসের পাশাপাশি মাসিক ভাড়ায় কেবিন নেওয়ার ব্যবস্থাও ছিল।
তবে যাত্রার শুরু থেকেই নানা সমস্যায় পড়ে জাহাজটি। যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব, আইনি জটিলতা ও আর্থিক সংকটের কারণে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারেনি এর বিশ্বভ্রমণ। একপর্যায়ে খাবার সরবরাহকারীর বকেয়া পরিশোধ করতে না পারায় ক্রু সদস্যদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল।
পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জাহাজ পরিচালনার ব্যয় বহুগুণ বেড়েছে। আগে প্রতি কেবিনের মাসিক জ্বালানি ব্যয় গড়ে প্রায় ১ হাজার ৮০০ ডলার থাকলেও এশিয়ার কিছু অঞ্চলে তা বেড়ে ৬ হাজার থেকে ৮ হাজার ডলারে পৌঁছায়। এই বাড়তি ব্যয় সামাল দিতে না পেরে গত মাসে কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে জাহাজটির কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ।
এর ফলে জাহাজে থাকা প্রায় ২০০ যাত্রীকে নেমে যেতে হয়। প্রতিষ্ঠানটি জানায়, কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের বিকল্প আবাসনের ব্যবস্থা করতে কাজ করছে তারা। পরে ৪ নভেম্বর যাত্রী ছাড়াই কম্বোডিয়া ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় জাহাজটি।
সিঙ্গাপুরে পৌঁছানোর পর ৮ নভেম্বর আদালতের আদেশে আটক করা হয় ‘ওডিসি’। তবে কোন পক্ষের আবেদনে বা কী ধরনের দাবির ভিত্তিতে জাহাজটি আটক করা হয়েছে, তা কর্তৃপক্ষ প্রকাশ করেনি। জাহাজটির ভবিষ্যৎ এবং যাত্রীদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টিও এখনো অনিশ্চিত।

