আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সবচেয়ে দীর্ঘসময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার স্বীকৃতি পাওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্টটি প্রচারের বিষয়টি নিজেদের কাজের তালিকায় উল্লেখ করেছে ভারতের হয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের একটি লবিং প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের লবিং প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের দূতাবাসের মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি ছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস প্রতিষ্ঠানটিকে নিয়োগ দেয়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা মার্কারির মূল দলের সদস্য। ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষভাগ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।
ফারার নথিতে মার্কারি জানিয়েছে, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘসময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের দেওয়া এক্স পোস্টটি প্রচারের কাজ করেছে তারা। তবে প্রতিষ্ঠানটির নথিতে পোস্টটি ট্রুথ সোশ্যালে প্রকাশের আয়োজন করার কথা বলা হয়নি।
এদিকে, এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি নামের আরেকটি লবিং প্রতিষ্ঠান তাদের জমা দেওয়া নথিতে জানিয়েছে, গত মে ও জুনে ভারত সরকার এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন যোগাযোগের ব্যবস্থা করেছিল তারা। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটি ফারার নথিতে এসব ফোনালাপকে তাদের ‘রাজনৈতিক কার্যক্রমের’ অংশ হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য এসব যোগাযোগের ব্যবস্থা করা হয়েছিল।
২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় ভারত সরকার। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তবে ২৩ জুন মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্সের মাসিক দেড় লাখ ডলারের চুক্তি হয়েছিল।
নথি অনুযায়ী, চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কাজ ছিল মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক ও সংশ্লিষ্ট মহলে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, পরিকল্পনা তৈরি এবং সরকারি বিভিন্ন পর্যায়ে সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করা।
যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ‘বিদেশি মক্কেলের এজেন্টদের’ নির্দিষ্ট সময় পরপর সংশ্লিষ্ট মক্কেলের সঙ্গে তাদের সম্পর্ক, পরিচালিত কার্যক্রম এবং এ বাবদ পাওয়া আর্থিক পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।
নথি অনুযায়ী, গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে ভারতীয় পক্ষ ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফোনালাপের আয়োজন করেছিল মিলারের প্রতিষ্ঠান। এসব আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিধাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।
রুবিওর সফরের পর জুন মাসেও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের যোগাযোগের সমন্বয় করে প্রতিষ্ঠানটি। এ দফায় আলোচনায় যুক্ত ছিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং।
এদিকে, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের ভূমিকা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য, প্রতিষ্ঠানটির জমা দেওয়া নথিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তারা ট্রাম্পের পোস্টটি শুধু এক্সে প্রচার করেছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের লবিং প্রতিষ্ঠান নিয়োগের বিষয়টিকে দীর্ঘদিনের কূটনৈতিক চর্চা বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়।

