নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামে এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার প্রায় ৩০ মিনিট পর অভিযুক্ত আল আমিন আবার ঘটনাস্থলে ফিরে হত্যার দায় স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রনি ওই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমিন একই এলাকার আব্দুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন আল আমিন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, হত্যার পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমিন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাঁকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। রাকিবুলের ভাষ্য, আল আমিনকে দেখে নেশাগ্রস্ত মনে হচ্ছিল। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও তিনি শুনেছেন।
মরদেহ উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অভিযুক্তের দাবি, রাস্তায় চলার পথে রনি এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাঁকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে হত্যা করেন। তবে অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে বলে জানান ওসি।

