নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও আলামত উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকালে র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকাটি ছিনতাইকারী ও মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিত।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

