আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলন। আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা, মিয়ানমারের সংকট, দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় এবারের সম্মেলনের আলোচনায় প্রাধান্য পাচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া তিন দিনের এই সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন। সম্মেলনের আয়োজক ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। আগামী ১৭ নভেম্বর সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হবে।
সম্মেলনের শেষ দিনে ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর সফরে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে কোয়াডের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসবেন ট্রাম্প। চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ এই জোটের বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে ব্রাজিলের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আসিয়ানের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিচ্ছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সম্মেলনে যোগ দিয়েছেন। শনিবার ফিলিপাইনের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আসিয়ানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার ঘোষণা দেন তিনি।
সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচিও আলোচনায় এসেছে। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ। কর্মসূচিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপাইনের কয়েকটি প্রগতিশীল সংগঠন। তাদের আশঙ্কা, এর আওতায় পরিকল্পিত প্রযুক্তি ও উৎপাদন অবকাঠামো প্রকল্পের কারণে স্থানীয় আদিবাসী পরিবারগুলো উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারে। এ নিয়ে মঙ্গলবার ট্রাম্পের সফরের সময় বিক্ষোভের পরিকল্পনাও রয়েছে।
সম্মেলনের আগে শনিবার থেকেই বিভিন্ন পর্যায়ের বৈঠক শুরু হয়। সেখানে ইন্দোনেশিয়া থেকে আসা ধোঁয়াশা এবং ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগির সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
মিয়ানমার সংকটও এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অগ্রগতি না থাকায় দেশটির জান্তা সরকারের শীর্ষ নেতাদের জোটের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে অবস্থান নিয়েছে প্রতিবেশী থাইল্যান্ড।
অন্যদিকে মিয়ানমারের বিষয়ে আসিয়ানের অবস্থানে কোনো শিথিলতা আসেনি বলে জানিয়েছেন ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া তেরেসা লাজারো। রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলাটিও আন্তর্জাতিক বিচার আদালতে বিচারাধীন। এ মামলার শুনানি ও বিচারপ্রক্রিয়া নিয়ে চলতি সপ্তাহে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও আসিয়ানভুক্ত কয়েকটি দেশের বিরোধও সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়। এ বিরোধ নিরসনে দীর্ঘদিন ধরে আলোচিত আচরণবিধি চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও ফিলিপাইনের সভাপতিত্বের মেয়াদে তা সম্ভব হয়নি। রোববার ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবিত আচরণবিধির প্রায় ৮০ শতাংশ বিষয়ে সমঝোতা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় অমীমাংসিত থাকায় আলোচনা আগামী বছর সিঙ্গাপুরের সভাপতিত্বে চলবে।
২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ এলাকার ওপর চীনের ঐতিহাসিক দাবির আইনি ভিত্তি নেই বলে জানানো হয়। তবে বেইজিং ওই সাগরের অধিকাংশ এলাকার ওপর নিজেদের দাবি বজায় রেখেছে। এ নিয়ে ফিলিপাইনের সঙ্গে চীনের কোস্টগার্ডের একাধিকবার সংঘর্ষ হয়েছে।
এবারের সম্মেলনে আঞ্চলিক বিরোধ ও বৈশ্বিক সংকট মোকাবিলায় আসিয়ান দেশগুলোর ঐক্য এবং কার্যকর সহযোগিতার সক্ষমতা নিয়ে আলোচনা হচ্ছে। তবে মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরের বিরোধের মতো বিষয়ে সদস্য দেশগুলোর ভিন্ন অবস্থান সম্মেলনের অগ্রগতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

