বিনোদন ডেস্ক
একটি কাল্পনিক জগৎও মানুষের জীবনের অংশ হয়ে উঠতে পারে। বন্ধুত্ব, সাহস, ভালোবাসা আর অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প নিয়ে ২৫ বছর আগে এমনই এক জাদুর জগৎ বড় পর্দায় হাজির হয়েছিল। হগওয়ার্টসের সেই জগৎ অল্প সময়েই জয় করে নেয় বিশ্বের কোটি কোটি দর্শকের হৃদয়। সেই জাদুর নাম হ্যারি পটার।
২০০১ সালের ১৬ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। জে কে রোলিংয়ের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাই ছিল হ্যারি পটার চলচ্চিত্র সিরিজের প্রথম কিস্তি। যুক্তরাষ্ট্রে ছবিটি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ নামে মুক্তি পায়। বইয়ের পাতায় কল্পনা করা জাদুর জগৎ সেদিন প্রথমবারের মতো বড় পর্দায় জীবন্ত হয়ে ওঠে। আজ সেই যাত্রার ২৫ বছর পূর্ণ হলো।
এত বছরে হ্যারি পটারের জগৎ আটটি সিনেমার গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বই, ভিডিও গেম, মঞ্চনাটক, থিম পার্ক ও নানা পণ্যে। নতুন প্রজন্মের দর্শকেরাও এই জাদুর জগৎ আবিষ্কার করছে। সময়ের সঙ্গে দর্শকের বয়স বেড়েছে, বদলেছে বিনোদনের মাধ্যম; কিন্তু হগওয়ার্টসের প্রতি ভালোবাসা কমেনি।
হ্যারি পটারের গল্পের স্রষ্টা ব্রিটিশ লেখক জে কে রোলিং। ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। বইটি দ্রুত শিশু-কিশোরদের মধ্যে জনপ্রিয়তা পায়। তবে গল্পটির আবেদন শুধু ছোটদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তরুণ ও প্রাপ্তবয়স্ক পাঠকেরাও মুগ্ধ হন এর কল্পনাপ্রবণ জগৎ ও চরিত্রগুলোর প্রতি।
গল্পের কেন্দ্রীয় চরিত্র হ্যারি। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর খালা-খালুর সংসারে অবহেলা ও বঞ্চনার মধ্যে বড় হয় সে। একাদশ জন্মদিনের আগে তার জীবনে হাজির হন বিশালদেহী হ্যাগ্রিড। তাঁর কাছ থেকেই হ্যারি জানতে পারে, সে একজন জাদুকর। আরও জানতে পারে, তার মা-বাবাকে হত্যা করেছে ভয়ংকর কালো জাদুকর লর্ড ভলডেমর্ট।
এরপর হ্যারি ভর্তি হয় জাদুবিদ্যার স্কুল হগওয়ার্টসে। সেখানে তার পরিচয় হয় রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে। এই তিন বন্ধুর সম্পর্কই হয়ে ওঠে পুরো সিরিজের অন্যতম প্রাণ। জাদুর ক্লাস, কুইডিচ খেলা, রহস্যময় কক্ষ, উড়ন্ত ঝাড়ু আর জাদুর কাঠি—সব মিলিয়ে দর্শকের সামনে খুলে যায় এক বিস্ময়কর জগৎ। তবে গল্পটি শুধু জাদু ও রোমাঞ্চের নয়; এতে রয়েছে বন্ধুত্ব, আত্মত্যাগ, বৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং ভালো-মন্দের চিরন্তন দ্বন্দ্ব।
বইয়ের জনপ্রিয়তার পর হ্যারি পটারের গল্প নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেয় ওয়ার্নার ব্রাদার্স। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি প্রথম বইয়ের চলচ্চিত্রস্বত্ব কিনে নেয়। পরিচালক হিসেবে দায়িত্ব পান ক্রিস কলম্বাস। হ্যারির চরিত্রে ড্যানিয়েল র্যাডক্লিফ, রনের চরিত্রে রুপার্ট গ্রিন্ট এবং হারমায়োনির চরিত্রে এমা ওয়াটসনকে নির্বাচন করা হয়। তিনজনই তখন শিশু-কিশোর। পর্দায় তাঁদের স্বাভাবিক বন্ধুত্ব দর্শকের কাছে চরিত্রগুলোকে আরও আপন করে তোলে।
প্রথম সিনেমায় তরুণ অভিনয়শিল্পীদের পাশাপাশি ছিলেন ব্রিটিশ অভিনয়জগতের পরিচিত মুখেরা। অ্যালবাস ডাম্বলডোরের চরিত্রে রিচার্ড হ্যারিস, সেভেরাস স্নেইপের ভূমিকায় অ্যালান রিকম্যান, মিনার্ভা ম্যাকগোনাগলের চরিত্রে ম্যাগি স্মিথ, হ্যাগ্রিডের ভূমিকায় রবি কোলট্রেন এবং অলিভান্ডারের চরিত্রে জন হার্ট অভিনয় করেন। তাঁদের প্রত্যেকের উপস্থিতি সিনেমাটিকে আলাদা মাত্রা দেয়।
হ্যারি পটার সিরিজের আটটি সিনেমা পরিচালনা করেছেন চারজন পরিচালক। প্রথম দুটি নির্মাণ করেন ক্রিস কলম্বাস। তৃতীয় সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’ পরিচালনা করেন আলফনসো কুয়ারন। চতুর্থটি নির্মাণ করেন মাইক নিউয়েল। শেষ চারটি সিনেমার পরিচালক ছিলেন ডেভিড ইয়েটস। পরিচালকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিনেমাগুলোর আবহও বদলেছে। প্রথম দিকের রূপকথার পরিবেশ থেকে শেষের যুদ্ধ ও অন্ধকার সময়ের গল্পে পৌঁছাতে দর্শকেরাও যেন হ্যারির সঙ্গে বড় হয়েছেন।
প্রথম সিনেমাটির নির্মাণব্যয় ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ ডলার। মুক্তির পর ছবিটি বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পায়। বক্স অফিস মোজোর হিসাব অনুযায়ী, পুনর্মুক্তিসহ সিনেমাটির আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। এরপর একে একে মুক্তি পায় আরও সাতটি সিনেমা। ২০১১ সালে শেষ হয় মূল সিরিজ। আটটি সিনেমার সম্মিলিত বিশ্বব্যাপী আয় ৭৭০ কোটি ডলারের বেশি। এই সাফল্য হ্যারি পটারকে চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে।
সিনেমার প্রভাব প্রেক্ষাগৃহের গণ্ডি ছাড়িয়ে যুক্তরাজ্যের চলচ্চিত্রশিল্পেও ছড়িয়ে পড়ে। দেশটির লিভসডেন স্টুডিওতে সিনেমাগুলোর বড় অংশের শুটিং হয়েছে। এতে যুক্ত ছিলেন হাজারো অভিনয়শিল্পী ও কারিগরি কর্মী। ২০১১ সালে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) হ্যারি পটার চলচ্চিত্র সিরিজকে ‘আউটস্ট্যান্ডিং ব্রিটিশ কন্ট্রিবিউশন টু সিনেমা’ সম্মাননা দেয়।
লন্ডনের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও ট্যুরে এখনো দর্শকেরা হ্যারি পটারের শুটিং সেট, পোশাক ও জাদুর সামগ্রী দেখতে যান। যুক্তরাষ্ট্র, জাপানসহ বিভিন্ন দেশে ইউনিভার্সাল স্টুডিওর ‘দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার’ থিম পার্কও গড়ে উঠেছে। সেখানে হগওয়ার্টসের দুর্গ ও হগসমিড গ্রামের মতো সিনেমার পরিচিত জায়গাগুলো ঘুরে দেখার সুযোগ পান ভক্তরা।
হ্যারি পটার সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান ড্যানিয়েল র্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন। পরবর্তী সময়ে তাঁরা ভিন্নধর্মী চলচ্চিত্র ও টেলিভিশন কাজেও অভিনয় করেছেন। তাঁদের পাশাপাশি হ্যাগ্রিড চরিত্রে রবি কোলট্রেন, ডাম্বলডোর হিসেবে রিচার্ড হ্যারিস ও পরে মাইকেল গ্যাম্বন, স্নেইপ হিসেবে অ্যালান রিকম্যান এবং ম্যাকগোনাগল হিসেবে ম্যাগি স্মিথ দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেন।
সিনেমাগুলোর জনপ্রিয়তায় সংগীতেরও বড় ভূমিকা রয়েছে। প্রথম তিনটি ছবির সংগীত পরিচালনা করেন জন উইলিয়ামস। তাঁর তৈরি ‘হেডউইগস থিম’ শুনলেই অনেক দর্শকের মনে ভেসে ওঠে হগওয়ার্টস ও জাদুর জগৎ। পরবর্তী ছবিগুলোতে প্যাট্রিক ডয়েল, নিকোলাস হুপার ও আলেক্সান্দ্র দেপলা সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেন।
হ্যারি পটারের জনপ্রিয়তা সিনেমার বাইরেও বইয়ের বিক্রিতে প্রতিফলিত হয়েছে। জে কে রোলিংয়ের সাতটি বই বিশ্বজুড়ে ৬০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে। বইগুলো ৮৫টি ভাষায় অনূদিত হয়েছে এবং ২০০টির বেশি অঞ্চলে পৌঁছেছে। বন্ধুত্ব, সাহস, আত্মপরিচয় ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বিষয়গুলোই বিভিন্ন বয়সের পাঠক ও দর্শকের কাছে গল্পটিকে প্রাসঙ্গিক করে রেখেছে।
২৫ বছর পূর্তির বছরেও হ্যারি পটারকে ঘিরে নতুন আয়োজন চলছে। পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে টেলিভিশন সিরিজ। এইচবিও নির্মাণ করছে সাতটি বই অবলম্বনে নতুন সিরিজ। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বই নিয়ে তৈরি হবে আলাদা মৌসুম। নতুন সিরিজে হ্যারি, রন ও হারমায়োনির চরিত্রে অভিনয় করছেন নতুন প্রজন্মের শিল্পীরা। যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে চলছে এর শুটিং। এইচবিও জানিয়েছে, সিরিজটির প্রথম মৌসুম ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাবে।
চলচ্চিত্রের ইতিহাসে অনেক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়েছে, কিন্তু সব কটি দর্শকের শৈশব ও কৈশোরের স্মৃতির অংশ হয়ে উঠতে পারেনি। হ্যারি পটার পেরেছে। কারণ, এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে বন্ধুত্বের স্মৃতি, স্কুলজীবনের স্বপ্ন, নিজের পরিচয় খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। ২৫ বছর পরও হ্যারি পটার তাই কেবল একটি সিনেমা বা বইয়ের সিরিজ নয়; এটি কোটি মানুষের কল্পনা, স্মৃতি ও শৈশবের এক জাদুকরি ঠিকানা।

