নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী শক্তি আবারও রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, দেশে নতুন করে হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এ পরিস্থিতিতে কথিত ‘পঞ্চম বাহিনী’কে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং পাঠ্যপুস্তকে ইতিহাসের উপস্থাপন নিয়ে বক্তব্য দেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার পর দেশের মানুষের মনে স্বস্তি ও শান্তি ফিরে এসেছে। মানুষ আগের সেই পরিস্থিতিতে ফিরতে চায় না। কিন্তু ওই শক্তি আবারও মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা ও গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘গুম-খুন এবং ক্রসফায়ার ছিল রাষ্ট্রের চরিত্র। এটা ছিল সরকারের চরিত্র। এই বাংলাদেশ নির্মাণ করেছিলেন শেখ হাসিনা। আবার তাঁর প্রত্যাবর্তন এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না। কিন্তু তারা চাচ্ছে আবার রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে।’
এ প্রসঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা এবং নড়াইলে দুজন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন রিজভী। তাঁর অভিযোগ, এসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কারা এসব কর্মকাণ্ডে মদদ দিচ্ছে, তা তাঁরা জানেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে দাবি করে রিজভী বলেন, তারা ওই বাহিনীর মতো কর্মকাণ্ড চালাচ্ছে। সড়কসহ বিভিন্ন স্থানে তাদের প্রতিহত করতে হবে এবং কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। তবে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পাঠ্যপুস্তকে ইতিহাসের উপস্থাপন নিয়েও সমালোচনা করেন রিজভী। তাঁর অভিযোগ, অতীতে একটি রাজনৈতিক দল ও তার নেতার অবদানকে বেশি গুরুত্ব দিয়ে অন্য জাতীয় নেতাদের অবদান খাটো করে দেখানো হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি বলেও দাবি করেন তিনি।
রিজভী বলেন, পাঠ্যপুস্তকে যা সত্য, তা-ই থাকা উচিত। কোনো ব্যক্তি বা দলকে মহিমান্বিত করতে গিয়ে ইতিহাসের অন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দেওয়া উচিত নয়।

