বিনোদন ডেস্ক
প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত ও কাজী হায়াৎ পরিচালিত ব্যবসাসফল সিনেমা ‘আম্মাজান’ মুক্তির দুই দশকেরও বেশি সময় পরও দর্শকের মনে জায়গা করে আছে। তবে সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। গল্প শুনে অভিনয়ে রাজিও হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শাবানা, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক কাজী হায়াৎ।
কাজী হায়াৎ জানান, ‘আম্মাজান’ চরিত্রে শাবানাকেই নেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। অভিনেত্রীকে গল্প শোনানোর পর তা শুনে কেঁদে ফেলেন শাবানা। এরপর তিনি সিনেমাটিতে অভিনয়ের সম্মতিও জানান এবং পরদিন শিডিউল নিতে আসতে বলেন পরিচালককে।
কিন্তু পরদিন শিডিউল নিতে গেলে শাবানা জানান, তিনি সিনেমাটিতে অভিনয় করতে পারবেন না। এর কারণ জানতে চাইলে অভিনেত্রী কাজী হায়াৎকে বলেন, যেসব নায়কের বিপরীতে তিনি অভিনয় করেন, তাঁদের কয়েকজন তাঁকে মান্নার মায়ের চরিত্রে অভিনয় না করার পরামর্শ দিয়েছেন। তাঁদের আশঙ্কা ছিল, শাবানা যদি মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেন, তাহলে পরবর্তী সময়ে তাঁদের বিপরীতে নায়িকা হিসেবে তাঁকে আর মানাবে না।
পরিচালক জানান, বিষয়টি নিয়ে শাবানা দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, কাজী হায়াতের সিনেমাটিতে অভিনয় করতে না পারায় তাঁর খুব খারাপ লাগছে। সিনেমাটি ভালো হবে এবং অনেক সুনাম অর্জন করবে বলেও তাঁর বিশ্বাস ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি অভিনয় করতে পারেননি।
পরে ‘আম্মাজান’ চরিত্রে অভিনয় করেন আরেক বর্ষীয়ান অভিনেত্রী শবনম। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। মা ও ছেলের সম্পর্কের আবেগঘন গল্প এবং সিনেমার গান দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে ‘আম্মাজান’ গানটি আজও শ্রোতাদের কাছে পরিচিত ও জনপ্রিয়।

