নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের মাধ্যমে বর্তমান সরকারের পাশে দাঁড়াতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় ঐক্যের স্বার্থে সংসদের বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবেন, তারা আগামী দিনে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন।
তিনি বলেন, শেখ হাসিনা, তাঁর দল ও স্বজনদের বাংলাদেশের মানুষের কাছে নিজেদের অবস্থান উপলব্ধি করা উচিত। তাঁর দাবি, দেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের হাতে পড়লে তাঁদের রক্ষা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও কঠিন হয়ে উঠতে পারে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, নিজের দোষ ও অপশাসনের কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এরপরও সেখান থেকে দেশে বিশৃঙ্খলা, হত্যাকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে।
দুদু বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া দেশটি বাংলাদেশের বিভিন্ন খাত থেকে অর্থ নিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বলে উল্লেখ করেন দুদু।
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়নের স্বার্থেই সরকারকে সমর্থন জানাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবন-জীবিকা রক্ষায়ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
দুদু বলেন, সাত-আট মাসের মধ্যে দেশের সব বিপদ কেটে গেছে, এমনটি মনে করার কারণ নেই। বিপদ এখনো রয়েছে। তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংসদের বিরোধী দলের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের বিরুদ্ধে এখনো সে ধরনের অবস্থান নেয়নি। জাতীয় ঐক্যের স্বার্থে বিরোধী দলসহ সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ন্যাশনাল লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান এবং দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

